চতুর্থ বিয়ের গুজবে ক্ষুব্ধ শোয়েব মালিক
Printed Edition
সাকিবুল হাসান
সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে তার চতুর্থ বিয়ের গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, যারা তার ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তিনি কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না। মালিকের মতে, তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন গল্প তৈরি করা হচ্ছে এবং এসব ঘটনায় তার বর্তমান স্ত্রীকে উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা তার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সারের সাথে শোয়েব মালিকের নাম জড়িয়ে চতুর্থ বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে মালিক স্পষ্ট করেন যে, স্রেফ সামান্য কিছু ভিউ এবং কিছু অর্থ উপার্জনের আশায় এসব ‘ল্যাম্ব’ বা খোঁড়া অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, এতদিন তিনি চুপ ছিলেন তার পরিবারের প্রতি শ্রদ্ধাবোধ থেকে, কিন্তু তার এই নীরবতাকে অনেকেই সুযোগ হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে তার দ্বিতীয় বিয়ের পর থেকেই এমন কিছু মানুষের সাথে তার নাম জড়ানো হচ্ছে যাদের সাথে তার কোনো দিন দেখাই হয়নি।
শোয়েব মালিক আরও উল্লেখ করেন যে, তার বর্তমান স্ত্রী সানা জাভেদকে এমন সব বিষয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে যেগুলোতে তার কোনো সম্পৃক্ততাই নেই। তিনি এই পরিস্থিতি নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। কারণ তার ছেলে ইজহান এখন এমন এক বয়সে পৌঁছেছে, যেখানে সে এসব মিথ্যা সংবাদ পড়তে পারে। পরিবারের সদস্যদের মানসিক অস্থিরতা এবং তাদের সম্মানহানি সহ্য করবেন না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
বিবৃতিতে মালিক আরো মনে করিয়ে দেন যে, একজন পাবলিক ফিগার হিসেবে তিনি সাধারণ মানুষের আগ্রহ বা সমালোচনাকে মেনে নিলেও সব কিছুর একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত। কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা বা সম্মানহানি করা সেই সীমারেখা অতিক্রম করার সমান। তিনি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন যে, জীবনে কয়েকটা লাইক বা ভিউর চেয়েও বড় অনেক কিছু আছে। মালিকের বক্তব্য অনুযায়ী, এই বার্তার পরও যদি তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রকার অনুমান বা কৌতুক করা বন্ধ না হয়, তবে তার টিম সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুর দিকে টেনিস তারকা সানিয়া মির্জার সাথে বিচ্ছেদের পর অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। সানিয়া ও শোয়েবের ঘরে ইজহান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১০ সালে শোয়েব মালিক তার প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকীর সাথে বিবাহবিচ্ছেদ করেছিলেন।