ঘটনাস্থলে না থেকেও হত্যা মামলার আসামি
Printed Edition
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় দুই সহোদর হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও অহিদ আহমদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।
অহিদ আহমদ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ (কাঁঠালতলী) গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ভাই মকবুল আলী।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ ডিসেম্বর দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি মাঠ গুদাম এলাকায় দুই সহোদর ভাই খুন হন। ঘটনার সময় অহিদ ঘটনাস্থলে ছিলেন না। অভিযোগে বলা হয়, ওই দিন বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিম উদ্দিন ও বিএনপি নেতা ইসলাম উদ্দিনের সাথে বড়লেখা সদর ইউনিয়নের একটি বাড়িতে সালিস বৈঠকে অংশ নেন। পরে তিনি দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যানসহ মুছেগুল বাইতুন নূর জামে মসজিদে নামাজ আদায় করেন।
উল্লেখ্য, জোড়া হত্যাকাণ্ডে নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়, যার মধ্যে অহিদ আহমদ ১৪ নম্বর এজাহারভুক্ত। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অহিদ আহমদকে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়।