আবুল কালাম আজাদ ও শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Printed Edition

আদালত প্রতিবেদক

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সাথে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার এস এম শিবলী নোমানের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

অন্য দিকে, দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন এবং বিদেশে পালানোর চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা জরুরি ।