স্কালোনির বিশ্বকাপ ভাবনায় ৫০ ফুটবলার

Printed Edition
Sports-5
স্কালোনির বিশ্বকাপ ভাবনায় ৫০ ফুটবলার

ক্রীড়া ডেস্ক

দরজায় কড়া নাড়ছে ফুটবলের মেগা আসর বিশ্বকাপ। চলতি বছর ১১ জুন শুরু হবে ৩২ দল থেকে বর্ধিত পরিসরে ৪৮ দল নিয়ে বিশ্বকাপের এই আসর। বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন আসরে অংশগ্রহণকারী দলগুলোর কোচিং স্টাফরা। সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনার কিছু সংমাধ্যমের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় শুরু হতে যাওয়া আসরের জন্য মোটামুটি ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কোচের কথায় ছিল ভিন্ন সূর। এখনো স্কোয়াড চূড়ান্ত করার ধারেকাছেও নেই তিনি। ৫০ জন ফুটবলার আছেন, যাদের খেলার সামর্থ্য প্রায় একই। তবে আসন্ন বিশ্বকাপের জন্য মনে মনে হয়তো একটি রূপরেখা তৈরি করেছেন। তাই বলে সেটাই যে চূড়ান্ত কোনো কিছু নয়, তা বোঝা যায় নতুন বছরে এএফএ স্টুডিকে দেয়া স্কালোনির প্রথম সাক্ষাৎকারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওকে দেখা সাক্ষাৎকারে সম্ভাব্য স্কোয়াড নিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের তালিকা আছে, যাদের সামর্থ্য প্রায় একই। যে কেউ জায়গা পেতে পারে। চোট ও বাজে পারফরম্যান্সে খেয়াল রাখতে হয়, যেখানে আমরা কোনো ছাড় দিই না।’

প্রাথমিক তালিকাটা এত বড় বিষয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের খুব কাছাকাছি গিয়ে কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। তাই কাউকে বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। আর এ কারণেই আমাদের তালিকাটা একটু বড়।’

আসন্ন বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘মেসির সাথে বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। দেখা যাক কী হয়। সে-ই বলেছে, এখনো সময় আছে। তাই আমাদের চাপ তৈরি করা উচিত নয়। তার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দেয়াই ভালো।’

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দান। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কালোনির দল।