রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেনোলার কোচ হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন হোসে মরিনহো। তিনি জানান, কোচ হওয়ার ব্যাপারে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।
সম্প্রতি স্প্যানিশ জায়ান্টদের কোচ পরিবর্তন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়াকে সরিয়ে নতুন কোচ আনার পরিকল্পনার মধ্যেই মরিনহোর নাম উঠে আসে সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করেছেন অভিজ্ঞ এই পর্তুগিজ কোচ।
শুক্রবার সংবাদমাধ্যমকে মরিনহো বলেন, ‘রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমার সাথে কথা বলেনি। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এমন কিছু হয়নি।’ তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে ফুটবলে আছি, এ ধরনের গুঞ্জনের সাথে পরিচিত। কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি।
৬৩ বছর বয়সী মরিনহো এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেন এবং ২০১২ সালে দলকে লা লিগা শিরোপা জেতান। সেই সময় বার্সা কোচ পেপ গার্দিওলার সাথে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বর্তমান কোচের অধীনে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে। জানুয়ারিতে ক্লাবের দায়িত্ব দেয়া হয় তাকে। এর আগে স্বল্প সময়ের জন্য কোচ ছিলেন জাবি আলোনসো।
লা লিগায় বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া বায়ার্ন মিউনিখের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে দলটি।
এ দিকে নিজের ভবিষ্যৎ নিয়ে মরিনহো বলেন, ‘বেনফিকার সাথে আমার চুক্তির এখনো এক বছর বাকি, আপাতত সেটিই গুরুত্বপূর্ণ।’