ফটিকছড়িতে উপজেলা প্রকৌশলীকে মারধরের হুমকি অডিও ফাঁসে সমালোচনা
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগাল ও মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। গত শুক্রবার সংশ্লিষ্ট একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অডিওতে ঠিকাদারকে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় কথা বলতে শোনা যায়। তিনি প্রকৌশলীকে মারধরের হুমকি দেন এবং ব্যাংকে পাঠানো দাফতরিক চিঠি প্রত্যাহার ও আটকে থাকা বিল দ্রুত ছাড় দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ফটিকছড়িতে চাকরি করতে হলে তার অনুমতি নিতে হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয়ার হুমকির কথাও অডিওতে শোনা যায়।
অভিযুক্ত মহসিন হায়দার জানান, দু’টি প্রকল্পের ফাইল আটকে রাখা ও বিল-সংক্রান্ত জটিলতা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। অসংলগ্ন ভাষা ব্যবহার করা তার ভুল হয়েছে বলেও স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তার কাছ থেকে টাকা নেয়া হয়েছে।
এ দিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজের অনিয়মের কারণে বিধি অনুযায়ী বিল স্থগিত রাখায় ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।