বৃষ্টিতে বেহাল ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে

Printed Edition
bangla-1
এশিয়ান হাইওয়ের রূপগঞ্জ এলাকার চিত্র : নয়া দিগন্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

টানা বৃষ্টিতে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের রূপগঞ্জ অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। দীর্ঘদিন কার্যকর সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ দুই সড়কের বিভিন্ন অংশ এখন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করলেও সড়কের বেহাল অবস্থার কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পাশাপাশি যানবাহন বিকল হয়ে প্রায়ই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

রাজধানীর প্রবেশদ্বার এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রূপগঞ্জ দিয়ে প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে, ৩০০ ফুট সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই জনপদের প্রধান সড়কগুলোর বর্তমান অবস্থা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিন দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্ত পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত- তা বোঝা কঠিন হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের চালকরা। বিশেষ করে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের বিভিন্ন অংশে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতুর উভয় পাশ, চরপাড়া থেকে কালাদী, নলপাথর থেকে গোলাকান্দাইল পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ উঠে গিয়ে যান চলাচল কঠিন হয়ে পড়েছে। কাঞ্চন সেতু থেকে ফজুর বাড়ির মোড় ও বাগবেড় এলাকার সড়কও দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত। অন্য দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাঁচপুর পর্যন্ত অংশেও খানাখন্দের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে। শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না, চাকরিজীবীদেরও কর্মস্থলে যেতে বিলম্ব হচ্ছে।

কনটেইনারচালক সবুজ মিয়া বলেন, রাতে ও বৃষ্টির সময় এসব সড়কে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। পানির নিচে গর্ত দেখা যায় না। চাকা গর্তে পড়লে গাড়ি বিকল হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা মেনে নেয়া কঠিন। মেঘলা পরিবহনের বাসচালক সুমন মিয়া বলেন, রাস্তার কারণে গাড়ির যন্ত্রাংশ বারবার নষ্ট হচ্ছে। অতিরিক্ত খরচ হচ্ছে; কিন্তু আয় বাড়ছে না। উন্নয়নকাজ কবে শেষ হবে, তা কেউ বলতেও পারছে না।

পূর্বাচল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সোহেল রানা বলেন, উন্নয়নকাজ চলমান থাকা এবং কয়েক দিনের বৃষ্টির কারণে সড়কে গর্ত তৈরি হয়েছে। গ্রীন ইউনিভার্সিটির সামনে কাঁচা অংশে সারাক্ষণ যানজট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। বৃষ্টির পানি কমলে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার ও গর্ত ভরাট করা হবে। এলজিইডির আওতাধীন সড়কগুলোরও প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেয়া হবে।