জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে সম্মিলিত ইসলামী ব্যাংক

আমানতকারীদের আস্থা অর্জনই প্রধান লক্ষ্য : ড. মোহাম্মদ আইয়ুব মিয়া

Printed Edition

বিশেষ সংবাদদাতা

সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে। আমাদের প্রধান কাজ হবে আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। সে লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে নবগঠিত দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি বলেন, গভর্নরের সাথে এটি তার অনানুষ্ঠানিক বৈঠক। ব্যাংকটি কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।

ব্যাংকটি কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এ বিষয়ে তিনি জানান, বাংলাদেশ ব্যাংক থেকে যে দিন লাইসেন্স দিয়েছে এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে; সে দিন থেকেই মূলত এর কার্যক্রম শুরু হয়েছে।

ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য সুসংবাদ। ব্যাংককে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে কারিগরি টিম কাজ করছে। গভর্নরের সাথে বৈঠকে ব্যাংকের ভিশন-মিশন, আইনকানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। সামনে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা এবং আইনসম্মতভাবে পাঁচটি ব্যাংককে একীভূত করার কাজ এগিয়ে নেয়া হবে।

এর আগে গত রোববার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। পরে সোমবার আনুষ্ঠানিক লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ ব্যাংক।

মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বুধবার সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠান দেশজুড়ে ইসলামী ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেয়ার কাজ শুরু হবে এবং উচ্চ অঙ্কের আমানত ফেরতের জন্য রোডম্যাপ তৈরি করা হচ্ছে।