প্রক্টরকেও হুমকি

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

Printed Edition
3rd-9
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডসংলগ্ন এলাকায় এক সাধারণ শিক্ষার্থীকে বহিরাগতদের নিয়ে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নেতার নাম হাসিবুল ইসলাম হাসিব, যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত। জানা গেছে, গত সোমবার চারুকলা এলাকায় এক শিক্ষার্থী ও তার বান্ধবী বসে থাকাবস্থায় দায়িত্বরত এক নিরাপত্তা প্রহরী তাদের সরে যেতে বলেন। এ নিয়ে বাগি¦তণ্ডার একপর্যায়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট চক্রের নির্দেশে প্রহরীরা কাপলদের হয়রানি ও চাঁদাবাজি করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করলেও ওই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী শিক্ষার্থী হাসানকে ফোনে হুমকি দিয়ে আসছিলেন হাসিব।

ভুক্তভোগী হাসান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) জানান, রাতে তিনি বন্ধুদের নিয়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হাসিব বেশ কয়েকজন বহিরাগত নিয়ে এসে অতর্কিত হামলা চালান। একপর্যায়ে হাসানকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তার বন্ধুদেরও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শী সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আক্তার জানান, হাসিব অত্যন্ত উত্তেজিত হয়ে ঘটনাস্থলে এসে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে মারামারি শুরু করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিব বলেন, আমি পয়লা বৈশাখের পর থেকেই অসুস্থ। আজ পরীক্ষা দিয়ে বাসায় চলে এসেছি, এরপর আর ক্যাম্পাসে যাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের দিনের বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল। এর পরও এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি অভিযুক্তরা আমাদেরও (প্রক্টরিয়াল বডি) হুমকি দেয়ার চেষ্টা করেছে। তিনি আরো জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আহত শিক্ষার্থী হাসান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ : রাবির

শিক্ষার্থী হাসান ও আজাহারুল ইসলামের ওপর ছাত্রদল নেতার হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাকসু নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, ক্যাম্পাসে এমন হামলার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপমানজনক। সরকারদলীয় ছাত্র সংগঠন বলেই যদি কেউ নেতাগিরির নামে ক্যাম্পাসে মাস্তানি করে বা কোনো শিক্ষার্থীর ওপর হামলা চালায় এবং প্রশাসন যদি এর বিচার না করে, তাহলে আমরা শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাব।