যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনায় ইসরাইল হস্তক্ষেপ করছে : ইরান
Printed Edition
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতি কী হবে তা ‘নির্ধারণ’ করার চেষ্টা করছেন। ইরান গতকাল সোমবার এ অভিযোগ করেছে। নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বিলুপ্ত করার পাশাপাশি যেকোনো চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতার বিষয়টি অন্তর্ভুুক্ত করা উচিত বলে দাবি করার পর ইরান এমন অভিযোগ তুলল।
জিয়ুশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে গত রোববার ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের সাথে সাম্প্র্রতিক আলাপের প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমি স্পষ্ট বলে দিয়েছি, যেকোনো উপায়েই হোক না কেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে হবে। এরই প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি পোস্টে বলেন, ‘নেতানিয়াহু কিভাবে এত সাহসিকতার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দেশ দিচ্ছেন, তা সত্যিই বিস্ময়কর। তিনি ট্রাম্পকে ইরান নিয়ে তার কূটনীতির ক্ষেত্রে কী করতে পারবেন এবং কী করবেন না, তা নির্ধারণ করে দিতে চাইছেন।’