লংগদুতে জামায়াতের ইফতার মাহফিল
Printed Edition
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন এএসপি লংগদু-বাঘাইছড়ি সার্কেল মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম ও ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুর প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলামসহ আরো অনেকে।
আলোচনা পর্বে বক্তারা রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।