গাজায় ব্যবহৃত এআই প্রযুক্তি নিয়ে ব্রিটেনে বিতর্ক

Printed Edition

আলজাজিরা

ব্রিটেনে পুলিশের নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেয়া হয়েছে। এই সফটওয়্যার আগে গাজায় ইসরাইলি সেনারা ব্যবহার করেছে বলে জানা গেছে। গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, পুলিশ নজরদারির কাজে এই প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো হবে।

সরকারি সংস্থা ব্লু লাইট কমার্শিয়াল নিশ্চিত করেছে, ব্রিটেনের কোম্পানি ডিজিটাল ব্যারিয়ার্স ইসরাইলভিত্তিক প্রতিষ্ঠান করসাইট এআইকে সাবকন্ট্রাক্ট দিয়েছে। তারা এআই-চালিত ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার সরবরাহ করবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে পুলিশের ১০টি ফেসিয়াল রিকগনিশন ভ্যান বাড়িয়ে ৫০টির বেশি করা হবে। এগুলো দেশজুড়ে মোতায়েন করা হবে। এতে নাগরিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ডিজিটাল ব্যারিয়ার্স জানিয়েছে, তারা এবং করসাইট এআই ২০ মিলিয়ন পাউন্ডের প্রকল্পে নির্বাচিত হয়েছে। যদিও যুক্তরাজ্য জাতিসঙ্ঘে ইসরাইলের গাজায় অবরোধ ও হামলার সমালোচনা করেছে, তবুও তারা করসাইটের সাথে কাজ করছে। ২০২৪ সালের মার্চে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, করসাইটের প্রযুক্তি গাজায় ইসরাইলি ইউনিট ৮২০০ ব্যবহার করছে। তবে শত শত ফিলিস্তিনিকে ভুলভাবে গ্রেফতার করার অভিযোগে এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ইসরাইলি কর্মকর্তারা।