আইডিআরএর সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
Printed Edition
আদালত প্রতিবেদক
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন, তার স্ত্রী জান্নাতুল মাওয়া এবং লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমানের করা আবেদনগুলোতে উল্লেখ করা হয়, ড. এম মোশারফ হোসেনের বিরুদ্ধে এক কোটি ৩৬ লাখ ৫৩ হাজার তিন টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা রয়েছে। তদন্তের প্রয়োজনে তার ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত আয়কর নথি পর্যালোচনা করা জরুরি। একইভাবে তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তাতে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তদন্তের স্বার্থে তারও ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দের আবেদন করে দুদক।
অন্য দিকে সাত কোটি দুই লাখ ১৪ হাজার ৪০৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তাধীন মামলার আসামি আব্দুর রশিদ শিকদারের শুরু থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দের আদেশ দেয়া হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী এসব নথি জব্দ করা প্রয়োজন।