সুনামগঞ্জে ৫ শতাধিক মানুষ পেল বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

Printed Edition

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিজিবি মহাপরিচালক গতকাল সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত এসব মানুষকে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী সঙ্কট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, যেকোনো দুর্যোগ ও জাতীয় সঙ্কটময় মুহূর্তে দেশের মানুষের কল্যাণে সব মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।