ভেনিজুয়েলার সরবরাহ নিয়ে উদ্বেগ
বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
Printed Edition
রয়টার্স
ভেনিজুয়েলার সরবরাহ বিঘিœত হওয়ার আশঙ্কায় শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির সম্ভাবনা এবং বাজারের সতর্ক মনোভাবে দাম এখনো সাপ্তাহিকভাবে পতনের দিকেই রয়েছে।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে ৬১.৭১ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডও ৪৩ সেন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৫৮.০৩ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে একটি ট্যাঙ্কার জব্দ করার পর ভেনিজুয়েলার তেল পরিবহনকারী আরো জাহাজ আটকানোর প্রস্তুতি নিচ্ছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টির সাথে সংশ্লিষ্ট ছয়টি সূত্র এ তথ্য জানিয়েছে। ভেনিজুয়েলা ২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও, এবারই প্রথম দেশটির তেলবাহী কোনো কার্গো বা ট্যাঙ্কার আটকানো হলো। এটি এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি জড়ো করছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বাড়াচ্ছেন। সর্বশেষ এই পদক্ষেপে ভেনিজুয়েলার তেল পরিবহনকারী জাহাজের মালিক, অপারেটর এবং সামুদ্রিক সংস্থাগুলো সতর্ক হয়ে উঠেছে। অনেকেই পরিকল্পনা অনুযায়ী ভেনিজুয়েলার জলসীমা থেকে আগামী কয়েক দিনে যাত্রা করবে কি না, তা পুনর্বিবেচনা করছে বলে শিপিং খাতের সূত্রগুলো জানায়। সূত্রগুলোর দাবি অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো সরাসরি মার্কিন হস্তক্ষেপ দেখা যেতে পারে, বিশেষ করে সেসব ট্যাঙ্কারকে লক্ষ্য করে, যেগুলো ভেনিজুয়েলার তেল পরিবহনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশ, যেমন ইরান থেকেও তেল পরিবহনের সাথে যুক্ত থাকতে পারে।
সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো এমন তথ্য দিয়েছে।