ফের পেছাল প্রথম বিভাগ লিগ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ক্লাবগুলো কঠোর অবস্থানে থাকায় এবং মাঠ-সংক্রান্ত জটিলতায় ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ফের পরিবর্তন করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। ১১ ডিসেম্বরের বদলে ১৪ ডিসেম্বর লিগ শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছে তারা।

সিসিডিএম ১৮ নভেম্বর থেকেই প্রথম বিভাগ লিগ শুরু করার ঘোষণা দেয়। তবে বর্জনকারী আট ক্লাব দলবদলে অংশ না নেয়ায় লিগ আয়োজন পেছাতে থাকে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও আলোচনায় বসে সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু কোনো পক্ষকেই মাঠে ফেরানো যায়নি। ফলে সিসিডিএম ১২ দল নিয়েই লিগ শুরুর প্রস্তুতি নিচ্ছে।

গতকাল এক সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন জানান, দুই দিনের মধ্যেই ম্যাচের সূচি প্রকাশ করা হবে এবং চেষ্টা চলছে উদ্বোধনী ম্যাচটি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের। কোনো ক্লাবই লিখিতভাবে লিগ বর্জনের কথা জানায়নি। তাই কোনো দলকে বাদ দেবেন না তারা। সূচিতে ২০টিই দল থাকবে।

লিখিত না জানালেও যে ৮টি ক্লাব লিগ বর্জন করবে বলে আগে জানিয়েছে তারা হলো- সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্স। দলবদলে অংশ নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস, ঢাকা স্পার্টানস, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস এবং বিকেএসপি।