কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর-মারধর
Printed Edition
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দৈনিক জনকণ্ঠ ও রাইজিংবিডির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শিপন উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাংবাদিক শিপন উদ্দিনসহ তার পরিবারের তিন সদস্য প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেছে। শুক্রবার সকালে উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন- ফিরোজ উদ্দিন দিপু (৪৮), ফরিদ উদ্দিন (৩৯), আবু বক্কর সিদ্দিক বাবু (৬০)।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় বাধা দিতে গেলে সাংবাদিক শিপন উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলায় তার মা ও বোনও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সাংবাদিক শিপন উদ্দিন বলেন, হামলাকারীরা আমার সৎ ভাই, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের সাথে একটা মামলা চলমান ছিল। মামলাটির রায় আমার পক্ষে আসায় পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়াও দীর্ঘ দিন ধরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।