এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা

Printed Edition
Font-1
সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান গতকাল রাজধানীর মিরপুরে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর মিরপুর ও কাজীপাড়া এলাকার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

ডা: শফিকুর রহমান মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তারা যেন নির্বিঘেœ ও সুস্থ অবস্থায় পরীক্ষা সম্পন্ন করতে পারে সে জন্য দোয়া করেন।

কেন্দ্র সচিবদের সাথে আলাপকালে তিনি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন। এ সময় তিনি দেশের চলমান তাপদাহের কথা স্মরণ করিয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে জন্য পরীক্ষাকালীন সময়ে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এ দিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য স্থানীয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিশেষ বিশ্রাম ছাউনি এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়। বিরোধীদলীয় নেতা এই সেবা কার্যক্রমটি পরিদর্শন করেন এবং অভিভাবকদের সাথে কুশলবিনিময় করেন। প্রচণ্ড গরমে এ ধরনের মানবিক সহায়তার জন্য অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বিরোধীদলীয় নেতা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ডা: শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ। স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।