বিদ্রোহী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
Printed Edition
আলজাজিরা ও রয়টার্স
পশ্চিম আফ্রিকার জান্তা-শাসিত দেশ মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও ক্যামারাকে হত্যা করা হয়েছে। দেশটির সামরিক ঘাঁটিগুলোতে বিভিন্ন গোষ্ঠীর সমন্বিত হামলায় তিনি নিহত হয়েছেন। কাটির গ্যারিসন শহরে প্রথমে সাদিওর বাড়িতে হামলা চালানো হয়। এর এক দিন পরেই সাদিও ক্যামারার নিহত হওয়ার খবর এলো।
এর আগের খবরে বলা হয়, মালিজুড়ে ব্যাপক হামলা শুরু করেছে বন্দুকধারীরা। রাজধানী বামাকোসহ বিভিন্ন স্থানে হামলা চলছে বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করে। হামলায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী জড়িত রয়েছে। শনিবার সকালে দেশটির সেনাবাহিনী জানায়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো বামাকোতে সেনা ব্যারাকে এবং অন্যান্য সেনাশাসিত অঞ্চলে হামলা চালিয়েছে।
রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, মালির সবখানে গোলাগুলি চলছে। মালি বর্তমানে জেনারেল আসসিমি গোইতার নেতৃত্বাধীন একটি সামরিক জান্তা দ্বারা শাসিত হচ্ছে। ২০২০ সালে তিনি একটি অভ্যুত্থানের মাধ্যমে প্রথম মালির ক্ষমতা দখল করেন।
জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার মালিতে সাম্প্রতিক সহিংস হামলার তীব্র নিন্দা ও এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন। জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মালির বিভিন্ন স্থানে হামলার খবর নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।’ মুখপাত্র স্টেফান ডুজারিক আরো বলেন, ‘সাহেল অঞ্চলে ক্রমবর্ধমান সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় এবং জরুরি মানবিক চাহিদা পূরণে সমন্বিত আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন মহাসচিব।’