মদ্যপ চালকের ধাক্কায় আহত নোরা ফাতেহি তবুও মঞ্চ মাতালেন
Printed Edition
বিনোদন ডেস্ক
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গত ২০ ডিসেম্বর মুম্বাইয়ে বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে নোরা মাথায় আঘাত পেলেও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে শেষ পর্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে মঞ্চে পারফর্ম করেছেন।
সূত্রমতে, এদিন বিকেলে সানবার্ন ফেস্টিভ্যালে ডেভিড গেটার সাথে নির্ধারিত একটি বিশেষ পারফরম্যান্সের উদ্দেশে যাচ্ছিলেন নোরা। পথিমধ্যে একটি দ্রুতগামী গাড়ি নোরার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। জানা গেছে, ঘাতক গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পরপরই নোরার ব্যক্তিগত কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নোরার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যান করান। প্রাথমিক পরীক্ষায় কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা হেমোরেজিক ইনজুরি ধরা না পড়লেও, ধাক্কার তীব্রতায় নোরা ‘কনকাশন’ বা মস্তিষ্কে মৃদু চোট পেয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।
তবে নোরার অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে শারীরিক চোট। ভক্তদের নিরাশ না করতে এবং নিজের পেশাদার প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি হাসপাতাল থেকে সরাসরি কনসার্ট স্থলে পৌঁছান। সেখানে তিনি ডেভিড গেটা এবং মার্কিন গায়িকা সিয়ারার সাথে তার আসন্ন গ্লোবাল সিঙ্গেলের ঘোষণা দেন এবং পারফর্ম করেন। নোরার এমন সাহসিকতা ও কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ উপস্থিত দর্শক ও তার সহকর্মীরা।