বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য লাইব্রেরি স্থাপনে ফুটস্টেপসকে সহায়তা করবে ইবিএল

Printed Edition

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত লাইব্রেরি স্থাপনে সহায়তা করতে ফুটস্টেপস বাংলাদেশকে সহায়তা করবে ইস্টার্ন ব্যাংক। ফুটস্টেপস বাংলাদেশের ফ্লাগশিপ প্রকল্প ‘প্রজেক্ট বৃত্ত’-এর আওতায় বাস্তবায়িত উদ্যোগটি শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং স্বনির্ভর শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ এবং উদ্যোগ সহায়তা হিসেবে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএল হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম ফুটস্টেপস বাংলাদেশ-এর কো-ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট এবং লিংকনস ইন-এর ব্যারিস্টার মোহাম্মদ তাকী ইয়াসিরের কাছে একটি চেক হস্তান্তর করেন।

জিয়াউল করিম বলেন, এ উদ্যোগ সহায়তা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন। অন্য দিকে, মোহাম্মদ তাকী ইয়াসির তাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার মিশনে সহযোগিতা করার জন্য ইস্টার্ন ব্যাংককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ফুটস্টেপস বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন ইব্রাহিম দাউদ আবির, হেড অব প্রোগ্রামস এবং সাদিয়া তানজিম তানিয়া, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফিসার। ইস্টার্ন ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মেজর মো: আব্দুস সালাম, পিএসসি (অব:), হেড অব অ্যাডমিনিস্ট্রেশন; মো: আব্দুল্লাহ আল মামুন, এফসিএস, কোম্পানি সেক্রেটারি; এবং মো: মাসকুর রেজা, এফসিএ, হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস। বিজ্ঞপ্তি।