মুন্সীগঞ্জ-১-এ জুলাই বিপ্লবে ছাত্রহত্যা মামলার আসামির মনোনয়নও বৈধ

Printed Edition

আব্দুর রকিব শ্রীনগর (মুন্সীগঞ্জ)

জুলাই আন্দোলনে ছাত্রহত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ফেরারি আসামি হওয়া সত্ত্বেও মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন। এতে স্বতন্ত্র প্রার্থীসহ একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগ উঠেছে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার হলফনামায় একাধিক ফৌজদারি মামলার তথ্য গোপন করলেও তা আমলে না নিয়ে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচনী এলাকা ও রাজনৈতিক মহলে এখন তীব্র আলোচনা-সমালোচনা চলছে। মামলার নথি অনুযায়ী, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মিরপুর মডেল থানার জিআর ২৫৬/২৫ নম্বর মামলার ৬৯ নম্বর এজাহার নামীয় আসামি। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১০৮ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করা হয় ২০২৫ সালের ১২ মে। এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ, মারধর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এতে একাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের একজনকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং তার শরীরে এখনো গুলি রয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ছাড়া রামপুরা থানায় দায়ের করা আরেকটি মামলাতেও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এজাহারনামীয় আসামি বলে জানা গেছে। ২০২৪ সালের ১৯ অক্টোবর দায়ের হওয়া ওই মামলার তদন্ত করছেন র‌্যাব-৩, টিকাটুলীর এসআই মোস্তাফিজুর রহমান। এ মামলায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ১২ নম্বর এজাহারনামীয় আসামি।