মাদারগঞ্জে ‘ধর্মবোন’ হয়ে প্রতারণা গ্রেফতার সেই মহিলা
Printed Edition
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে এক গৃহবধূর আস্থা অর্জন করে তার চার ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর দীর্ঘ ছয় মাসের বিশ্বাসের সম্পর্ককে পুঁজি করে চেতনানাশক খাইয়ে এই প্রতারণা চালানো হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার উদ্ধারসহ প্রতারক ওই মহিলাকে আটক করা সম্ভব হয়েছে।
ভুক্তভোগী খাদিজা বেগম উপজেলার চর দুধিয়াগাছ গ্রামের বাসিন্দা। তিনি জানান, প্রায় ছয় মাস আগে মেলান্দহ উপজেলার বেলতৈল বাজার থেকে অটোরিকশাযোগে জামালপুরের একটি প্রাইভেট কিনিকে যাওয়ার পথে এক অজ্ঞাতনামা ওই মহিলার সাথে পরিচয় হয়। অটোরিকশার ভেতরে কথোপকথনের একপর্যায়ে ওই মহিলা খাদিজাকে ‘ধর্মবোন’ বলে সম্বোধন করে ঘনিষ্ঠতা তৈরি করে। পরে তাদের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। এরপর দীর্ঘদিন মোবাইল ফোনে যোগাযোগের পর গত ১৬ ফেব্রুয়ারি রাতে ওই মহিলা মিষ্টি, জুস ও গরুর গোশত নিয়ে হাজির হন খাদিজার বাড়িতে।
খাদিজার অভিযোগ, খাবারের সাথে চেতনানাশক মেশানো ছিল। তিনি অচেতন হয়ে পড়লে ঘরের তালা ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ওই মহিলা।
এ ঘটনায় থানায় মামলা হলে তদন্তে নামে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গতকাল বুধবার মেলান্দহের হাজরাবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক সুফিয়া বেগম মেলান্দহের হরিনাচাইল এলাকার ছাইফুলের স্ত্রী।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়। স্বর্ণালঙ্কার উদ্ধার করা গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।