১৭ মাস বেতন পান না মাভাবিপ্রবির ২৩ কর্মচারী

Printed Edition

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে কর্মরত ২৩ জন কর্মচারী টানা ১৭ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে একাধিক কর্মসূচি পালন এবং হাইকোর্টে রিট করলেও এখনো কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের।

জানা যায়, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজটি ২০২৪ সালের জুনে মাভাবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদে অন্তর্ভুক্ত হয়। এ সময় ৩৬ জন কর্মচারীসহ প্রতিষ্ঠানের সব সম্পদ বিশ্ববিদ্যালয়ের অধীনে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপ কর্মচারীদের দিয়ে নিয়মিত কাজ চালালেও ২০২৪ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মাত্র পাঁচ মাসের বেতন পরিশোধ করা হয়। এরপর দীর্ঘ ১৭ মাস ধরে তারা কোনো বেতন পাননি। ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘ ১১ থেকে ১৩ বছর ধরে প্রতিষ্ঠানে কর্মরত। বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম সঙ্কটে পড়েছেন তারা। কর্মচারী আব্দুস সাত্তার বলেন, দ্রুত বেতন না পেলে আমাদের সামনে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। অন্য কর্মচারী আশাদুল কবির অভিযোগ করেন, আমরা নিয়মিত কর্মচারী হওয়া সত্ত্বেও নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের চাকরি বাতিলের চেষ্টা চলছে।

সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে কর্মচারীরা হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত ২০২৫ সালের ১৭ ডিসেম্বর বেতন পরিশোধের নির্দেশ দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আকন্দ বলেন, ইউজিসির অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় বেতন বন্ধ রয়েছে। তবে মানবিক দিক বিবেচনায় বিষয়টি সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে।