পাকুন্দিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা
Printed Edition
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেসমিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূকে নিজ বসত ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে।
গত রোববার রাত ৯টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পাকুন্দিয়া থানা পুলিশ, আহুতিয়া পুলিশ ফাঁড়ি, এডিশনাল এসপি ক্রাইম, সদর সার্কেল, ডিবি এবং ক্রাইম সিনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের শিকার ওই নারী ভিটাপাড়া গ্রামের রিটন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের আবু হানিফের মেয়ে।
এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রিটন ও ভাসুরের ছেলেকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই গৃহবধূ তিন সন্তানের জননী ছিলেন। ঘটনার দিন ছেলেমেয়েরা কেউ বাড়িতে ছিল না। সন্ধ্যার পর বসত ঘরে ঘুমিয়েছিলেন তিনি। রাত ৯টার দিকে স্থানীয়রা বিছানায় তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ দুইজনকে আটক করেছে।