ড্যাব বিএমইউর নতুন কমিটি দাবি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকরা নতুন কমিটি গঠনের দাবি করেছেন। পুরনো যে কমিটি ছিল- সেটার কার্যক্রম গত বছর ২৭ আগস্ট স্থগিত করে দেয়া হয়েছে কেন্দ্রীয় ড্যাবের পক্ষ থেকে। কেন্দ্রীয় ড্যাব মহাসচিব ডা: মো: আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিএমইউ ড্যাবের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর দেড় বছর পার হলেও বিএমইউ ড্যাবের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি। এমতাবস্থায় বিএমইউর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক চিকিৎসকরা ড্যাবের স্থগিত কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
এই দাবিতে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে সক্রিয় ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের এমন সাবেক নেতারা বিএমইউ ড্যাবের নতুন গঠনের দাবিতে প্রচুর ব্যানার টাঙিয়েছেন গত কয়েকদিন ধরে। বিশ্ববিদ্যালয়ের চোখের পড়ার মতো প্রতিটি স্থানে ওই নামে কয়েক ডজন ব্যানার টাঙানো হয়েছে। একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক ও শিক্ষকদের মধ্যে তাদের দাবির সমর্থনে ক্যাম্পেইন শুরু করেছেন।
এ ব্যাপারে দায়িত্বশীল কয়েকজন নয়া দিগন্তকে জানিয়েছেন, বিএমইউ শাখা ড্যাবের কমিটির কার্যক্রম স্থগিত হয়ে গেছে দেড় বছর হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে জাতীয়বাদী চিকিৎসকদের কোনো কার্যক্রম নেই, এটা খুবই বেমানান। সে কারণে তারা নতুন কমিটি চান। বর্তমান কমিটিকে ভেঙে দেয়ার যুক্তি হিসেবে বিএমইউর সহকারী অধ্যাপক ডা: আবু সাঈদ মো: নওরোজ বলেন, ‘এটা একটি মেয়াদোত্তীর্ণ কমিটি। ছয় বছর আগে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়। আমরা সবার অংশগ্রহণে চিকিৎসকদের সরাসরি ভোটে নতুন কমিটি চাই। একটি অগণতান্ত্রিক ড্যাবের এই কমিটি এখনো বিশ্ববিদ্যালয়ে রয়ে গেছে, যা চিকিৎসক তথা দেশের সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী সমর্থক সব চিকিৎসকের সরাসরি ভোটে নতুন কমিটি চাই। আশা করি, কেন্দ্রীয় ড্যাব নেতারা শিগগিরই ব্যবস্থা নেবেন।