যশোরে ২ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
Printed Edition
যশোর অফিস
যশোরে বিজিবির অভিযানে প্রায় দুই কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। সেখানে দুই ব্যক্তিকে তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বাজারমূল্য দুই কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। এ ছাড়া তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ আট হাজার ১৭২ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
আটক দুই ব্যক্তি হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের মাহাফুজ আলম (৩১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে তা ভারতে পাচারের জন্য যাচ্ছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।