নতুন পে-স্কেল নির্ধারণে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবীদের কিছু সুপারিশ পেশ

Printed Edition

জাতীয় পে-স্কেল ২০২৫-এর কমিশন প্রধানসহ সদস্যদের সুপারিশমালা প্রণয়নকল্পে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অপরিহার্য প্রাপ্যতা নিশ্চিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।

গতকাল তারা এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান লাগামহীন মুদ্রাস্ফীতি বার্ষিক গড়ে প্রায় ৮%। মূল্যস্ফীতি অনুযায়ী ২০০৫ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে দ্রব্যমূল্য সার্বিকভাবে বেড়েছে প্রায় ৫ থেকে ৬ গুণ; অন্য দিকে ব্যাংকের সুদ হার হ্রাসে এফডিআর ও সঞ্চয়পত্র থেকে পেনশনারদের মুনাফা আয় কমেছে প্রায় ৩০%।

এ ছাড়া বিদ্যুৎ খাত সংস্কার করে সরকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ভিন্ন ভিন্ন সময়ে ১৯৯৬-১৯৯৭ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত অনেকগুলো কোম্পানি সৃষ্টি করেছে। সরকারের নির্দেশনার আলোকে যেসব কোম্পানি থেকে বাধ্য হয়ে বিউবোতে ফেরত আসা কর্মচারীদের বেলায় অবসরের ১৫ বছর পূর্তিতে সামাজিক ও আর্থিক সুরক্ষা নীতির আওতায় শতভাগ পেনশন পুনঃস্থাপন নিশ্চিত করা প্রয়োজন।

২৫ বছর চাকরির পর সরকারি বিধি অনুযায়ী পূর্ণ পেনশন এবং ৫ থেকে ২৫ বছর মেয়াদের চাকুরেদের সার্ভিস অনুযায়ী প্রাপ্ত আংশিক পেনশনের ভিত্তিতে অবসরের ১৫ বছর পূর্তিতে পেনশন পুনঃস্থাপন সুবিধা নিশ্চিত করা প্রয়োজন যা বর্তমানে বিবেচনা করা হচ্ছে না। এসব বিবেচনায় তারা ১২ দফা দাবি পেশ করেছে। বিজ্ঞপ্তি।