বিসিএল ফাইনাল আজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গ্রুপ পর্বের খেলা শেষ। বাকি রয়েছে কেবল ফাইনাল। আজ বেলা ২টা ১৫ মিনিটে শিরোপা নির্ধারণী ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন।

গত এক-দেড় বছর ধরে টি-২০ ফরম্যাটে ব্যস্ত সময় পার করার পর এবার ওয়ানডে ক্রিকেটের শূন্যতা পূরণে মরিয়া বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটাররা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এ বছর বাংলাদেশ রেকর্ড ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে। সে হিসেবে বিসিএল ওয়ানডে ফরম্যাটে হওয়ায় অনেকটাই উপকৃত ক্রিকেটাররা।

ফাইনালের আগে সংবাদমাধ্যমের সাইফ হাসান বলেন, গত এক-দেড় বছরে দেখবেন, আমি ওয়ানডে খেলার খুব একটা সুযোগ পাইনি। অল্প কিছু ম্যাচ খেলেছি, কিন্তু সেগুলো ছিল টি-২০ সিরিজের মাঝখানে। তাই এখন সামনে যেহেতু ওয়ানডে সিরিজ আছে, এই বিরতিগুলোতে প্রস্তুতি নেয়া খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিবি ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজন করছে। আন্তর্জাতিক সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস একজন ব্যাটারের জন্য আশীর্বাদ। ফাইনালে খেলার সুযোগ আত্মবিশ্বাস বাড়াবে। মিরপুরের উইকেট স্পোর্টিং হবে এবং ব্যাটার-বোলার উভয়ই সহায়তা পাবেন। বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে।

সাইফ যোগ করেন, বিশ্বকাপে খেলতে পারেনি সে জন্য সবারই মন খারাপ। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সেটি কাটিয়ে ওঠা জরুরি। সামনে যেহেতু ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, ওয়ানডে বিশ্বকাপ আছে, এটির জন্য যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারি, ততই মঙ্গল।

নর্থ জোনের কোচ তারেক আজিজ খান বলেন, সাব্বির গত ম্যাচে তার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমাদের সব প্লেয়ার প্রস্তুত ফাইনাল ম্যাচের জন্য। একটি সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই এবং কাক্সিক্ষত ফলাফল বের করে আনতে চাই। বিপিএলে এবার চমৎকার উইকেট ছিল। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটি প্লেয়াররা দুভাবেই রপ্ত করার সুযোগ পাবে। বাংলাদেশের প্রায় সব সেরা প্লেয়াররা এখানে আছে। এটি নির্বাচকদের জন্যও একটি সুযোগ, কারো সম্পর্কে সন্দেহ থাকলে সেটি দেখে নেয়ার। সব প্লেয়ারের জন্য এটি ভালো সুযোগ ছিল। টিমগুলোও বেশ ভারসাম্যপূর্ণ ছিল।

একসময় তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। টি-২০ ছেড়ে দেয়ার কিছু দিন পর ওয়ানডেতে থেকে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর টেস্ট থেকে নিজেই সরে দাঁড়ান। যদিও পরে বিসিবির অনুরোধে টেস্ট অধিনায়কত্বে ফেরেন শান্ত। সবশেষ বিপিএলে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় রাজশাহী। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে নর্থ জোনকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক আজিজ খান শান্তকে নিয়ে বলেন, নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। তার নেতৃত্ব দল ইতিবাচক।