বাঘারপাড়ায় পৌর টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ, চালকদের বিক্ষোভ
Printed Edition
বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া পৌরসভা এলাকায় টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যানবাহন চালকরা। সোমবার সকালে বাঘারপাড়া রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন অভিযোগ করেন, পৌরসভার ইজারাদাররা কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল, মাইক্রোবাস স্ট্যান্ড এবং ট্রাকের লোড-আনলোডের নামে অতিরিক্ত টোল আদায় করছেন। এমনকি বাইরের কোনো গাড়ি উপজেলা সদর দিয়ে অন্যত্র গেলেও জোরপূর্বক টাকা নেয়ার অভিযোগ রয়েছে। এতে চালকদের সাথে ইজারাদারদের লোকজনের একাধিক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
নির্যাতনের শিকার ইজিবাইক চালক ইছা করিম ও তুহিন রেজা জানান, টোল আদায়ে বাধা দিলে শারীরিক ও মানসিক হয়রানির শিকার হতে হয়। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা।
চালকদের দাবি, এসব স্ট্যান্ড থেকে পৌরসভা সামান্য রাজস্ব পেলেও তার বোঝা বহন করতে হচ্ছে শ্রমজীবী চালকদের। ভবিষ্যতে স্ট্যান্ড ইজারা না দেয়া এবং রাজনৈতিক আশ্রয়ে স্ট্যান্ডভিত্তিক নিয়োগ বন্ধেরও দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ভুপালী সরকার বলেন, টোল আদায়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নতুন বাংলা সনের জন্য ইজারা বিজ্ঞপ্তি দেয়া হলেও বিষয়টি বন্ধে বিভিন্ন মহল থেকে সুপারিশ এসেছে। দ্রুত সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান। চালকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।