আদালতের স্বপ্রণোদিত মামলা

ভোলায় ভুল গ্রুপের রক্তে প্রসূতির মৃত্যু

Printed Edition

ভোলা প্রতিনিধি

ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত দেয়ার অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় আদালত স্বপ্রণোদিত (সুয়োমোটো) মামলা রুজু করেছেন। গত বুধবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এ ঘটনায় মিস কেস নং-০১/২৬ রুজু করেন।

আদালত সূত্রে জানা গেছে, ভোলা পৌর এলাকার মোল্লাপট্টির বন্ধন ক্লিনিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। চিকিৎসাকালে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ১২ জানুয়ারি ২০২৬ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, চিকিৎসার সময় তাকে ভুল রক্তের গ্রুপের রক্ত দেয়া হয়েছিল।

ঘটনাটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে আদালতের নজরে আসে। আদেশে বলা হয়, সংবাদে উল্লিখিত ঘটনা চিকিৎসাসেবায় গুরুতর অবহেলার ইঙ্গিত দেয়, যা জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক। আদালত বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করেন যে, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল বেসরকারি চিকিৎসাসেবায় তদারকি ও জবাবদিহি জোরদারের দাবি জানিয়েছেন।