‘হ্যাঁ’ ভোট দিলে আধিপত্যবাদের কবর হবে : শিবির সভাপতি
Printed Edition
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার মাধ্যমে দেশে আধিপত্যবাদের কবর রচিত হবে এবং ফ্যাসিবাদের ফেরার পথ চিরতরে বন্ধ হবে। রোববার গফরগাঁও আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদ্দাম বলেন, একটি বড় দল ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও তাদের কথায় ও কাজে মিল নেই। তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সাথে প্রতারণা করছে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গফরগাঁও আসনে ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেলকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশের প্রধান আকর্ষণ ডাকসুর ভিপি সাদিক কায়েম ভোটারদের দুটো ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “একটি ভোট হবে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ প্রতীকে, যা ইনসাফ ও স্বাধীনতার প্রতীক। অন্যটি হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে।” তিনি আরো বলেন, এই ‘হ্যাঁ’ ভোট শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, গফরগাঁও ও পাগলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। নির্বাচিত হলে এ অঞ্চলকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।
পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আবদুল করিম, ডাকসুর স্বাস্থ্য সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ ও শিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
বক্তারা বলেন, বিগত ৫৪ বছরে অনেক এমপি নির্বাচিত হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ডা: শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।