বগুড়ায় জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ায় জনতা ব্যাংক পিএলসির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাজশাহী বিভাগের বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলা নিয়ে এই বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম শুরু হলো। বগুড়া শহরের স্টেশন রোডের বগুড়া প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহ: ফজলুর রহমান। অনুষ্ঠানে তিনি গ্রাহকসেবা আরো সহজ ও উন্নত করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ দেন এবং জনতা ব্যাংকের সাথে ব্যবসা করতে সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান বলেন, বিগত সরকারের সময় এ ব্যাংককে ধ্বংস করে দেয়া হলেও বর্তমান পরিষদ তা থেকে অনেক দূর এগিয়ে এনেছে। জনতা ব্যাংক বগুড়া বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ আব্দুল আলীম খানের সভাপতিত্বে সিনিয়র অফিসার (আইটি) মিজানুর রহমান ও প্রিন্সিপাল অফিসার জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো: সাখাওয়াত হোসেন, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, পুন্ড্র বিশ^বিদ্যালয়ের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুর রহমান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বিশিষ্ট ব্যবসায়ী এ এম লায়েক আলী, কামরুজ্জামান, মুুনছুর রহমান।