ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি
Printed Edition
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামের আবুল খায়ের স্টিল মিল থেকে গত সোমবার বিকেলে ১৪ টন রড বোঝাই করে একটি ট্রাক ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশে রওনা দেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যান এসে ট্রাকের সামনে ব্যারিকেট দেয়। এ সময় দুষ্কৃৃতকারীরা ট্রাকের চালক মো: ফারুক (৩২) ও হেলপার সাদেকুল ইসলামকে (২০) ট্রাক থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে পিকআপে তুলে মারধর করে। পরে সংঘবদ্ধ দলটি রড বোঝাই ট্রাকটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়।
পিকআপে তুলে ট্রাকচালক ও হেলপারকে কিছুক্ষণ ঘুরিয়ে তাদের কাছ থেকে ভাড়ার নগদ ৩৫ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। একপর্যায়ে তাদেরকে রশি দিয়ে হাত পা বেঁধে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় বালুর মাঠের কাশবনে ফেলে রেখে যায়। এই ঘটনায় ট্রাকের চালক ফারুক বাদি হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান জানান, বিষয়টির তদন্ত চলছে।