বাংলাদেশ নদী, বৃষ্টি আর সবুজের এক অপরূপ জনপদ। প্রকৃতি এ দেশের হৃদয়ে যেন মুগ্ধ হয়ে আছড়ে পড়ে রঙ-তুলির ক্যানভাসে। বিস্তীর্ণ শালবন, উপকূলে গাছের সারি, পাহাড়ি চিরসবুজ অরণ্য আর জীববৈচিত্র্যপূর্ণ সুন্দরবনের বিশালতা সব মিলিয়ে গড়ে উঠেছে একটি পরিপূর্ণ পরিবেশগত ভারসাম্য। এ বনভূমি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়; বরং একটি জাতির বেঁচে থাকার অপরিহার্য অক্সিজেন সরবরাহকারী প্রাণপ্রবাহ। তবে এ প্রাণপ্রবাহ আজ নিঃশেষ হওয়ার মুখে, কারণ আমাদের অজ্ঞতা, লোভ, দুর্নীতি এবং পরিকল্পিত অগ্নিসংযোগ বনাঞ্চলকে দিনকে দিন ধ্বংস করে দিচ্ছে।

বনাঞ্চলে পরিকল্পিত আগুন-কাকতালীয় নয়; বরং ঠাণ্ডামাথার ষড়যন্ত্র, সাম্প্রতিক বছরগুলোতে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর, কুড়িগ্রাম, চট্টগ্রাম এমনকি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনেও অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে আশঙ্কাজনক হারে। গ্রীষ্মকাল তো বটেই, বর্ষা কিংবা শীতকালেও দিন কিংবা গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে চলছে। এসব আগুন অদ্ভূতভাবে কিছু নির্দিষ্ট জায়গায় শুরু হয়। ঘণ্টা দুয়েকের মধ্যে গিলে ফেলে পুরো শালবনের বিস্তীর্ণ অঞ্চল।

আসলে এসব আগুন প্রাকৃতিক দুর্ঘটনা নয়; বরং এগুলো সংঘটিত হচ্ছে একটি সংগঠিত ভূমিদস্যু ও দখলদার চক্রের চক্রান্তে। উদ্দেশ্য একটাই বন উজাড় করে জমি দখল, প্লট তৈরি ও শিল্প-কারখানা স্থাপন। এ চক্রের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালী মহল জড়িত বলে অভিযোগ উঠছে। আগুনে ধ্বংস হওয়ার পর একসময় দেখা যায়, সেখানে নির্মিত হচ্ছে পাকা দালান কিংবা বসানো হচ্ছে ইটভাটা।

বন কখনো গাছপালা বা সবুজের সমাহার নয় এটি প্রকৃতির এক প্রাণবান সৃষ্টির নাম, যেখানে প্রতিটি উপাদান একে অপরের সাথে গভীরভাবে জড়িত। গাছ, লতা-গুল্ম, ছত্রাক, পাখি, প্রাণী, কীটপতঙ্গ, এমনকি মাটি ও পানির নিচের অদৃশ্য জীবাণু মিলে গড়ে তোলে একটি সমন্বিত বাস্তুতন্ত্র-একটি জীবমণ্ডল। এ জীবমণ্ডলের প্রত্যেকটি জীব, প্রত্যেকটি অণু পরস্পরের ওপর নির্ভরশীল। কিন্তু যখন এ ভারসাম্য বিনষ্ট হয়, বিশেষ করে অগ্নিকাণ্ডের মতো বিপর্যয়ের মাধ্যমে, তখন পুরো প্রাকৃতিক কাঠামোটা ভেঙে পড়ে।

বনভূমিতে আগুন লাগা কোনো সাধারণ ঘটনা নয়; এটি একটি প্রাণসংহারী বিপর্যয়। প্রতিবার অগ্নিকাণ্ডে বনের বহু গাছপালা পুড়ে যায়, তবে ক্ষতির সবচেয়ে ভয়াবহ দিকটি হচ্ছে জীববৈচিত্র্যের ধ্বংস। অনেক সময় আগুনে পড়ে থাকা নিরীহ বন্যপ্রাণীরা পালিয়ে যাওয়ার সুযোগও পায় না। বনরুই, মায়া হরিণ, অজগর, তিতির, বুনো মোরগ, কাঠঠোকরা, মৌমাছি, প্রজাপতি প্রভৃতি প্রাণী আগুনের গ্রাসে নিঃশেষ হয়ে যায়। পরাগায়নকারী মৌমাছি ও নানা ধরনের কীটপতঙ্গের ধ্বংস মানে আমাদের কৃষিক্ষেত্রের এক অনিশ্চিত ভবিষ্যৎ।

এসব প্রাণীর মৃত্যু শুধু একটি প্রজাতির হার নয় এটি প্রাকৃতিক ভারসাম্যের চরম লঙ্ঘন। একটি প্রজাতি হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি বিপন্ন হয়ে পড়ে। শিকারি প্রাণী তার খাদ্য হারায়, উদ্ভিদ হারায় পরাগায়নের সহযোগী এবং মাটির উর্বরতা কমে যাওয়ায় ভবিষ্যতে গাছপালার জন্মও ব্যাহত হয়।

আগুন শুধু দৃশ্যমান বৃক্ষ বা প্রাণী গ্রাস করে না, এটি মাটির গভীরতল পর্যন্ত পৌঁছে যায়। ফলে মাটির নিচে বসবাসকারী অণুজীব, ছত্রাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ জীবকোষ ধ্বংস হয়ে যায়। এর প্রভাবে মাটির উর্বরতা ব্যাপক হারে হ্রাস পায়। একসময় সেই মাটি হয়ে পড়ে মৃতপ্রায় যেখানে নতুন করে গাছ জন্মানোও কঠিন হয়ে পড়ে।

বনাঞ্চলে অগ্নিকাণ্ডের একটি দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে জলচক্রের ওপর। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়। প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে বনভূমি। ফলে আশপাশের নদী-নালা, খাল-বিল, জলাশয় ধীরে ধীরে শুকিয়ে যায়। এমনকি বর্ষাকালেও পানিসঙ্কট প্রকট হয়ে ওঠে।

সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এ ধ্বংসাবশেষ থেকে তৈরি হওয়া অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউজ গ্যাস বাতাসে মিশে জলবায়ু পরিবর্তনের গতি আরো ত্বরান্বিত করে। প্রতিনিয়ত বন ধ্বংসের এ ধারায় উষ্ণায়নের গতি বাড়ছে, বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি এক ভয়াবহ দুর্যোগের দিকে।

এ সঙ্কটের সবচেয়ে বড় শিকার হবে ভবিষ্যৎ প্রজন্ম। তারা পাবে না বিশুদ্ধ বাতাস, পর্যাপ্ত পানি, অথবা সবুজে ঘেরা একটি প্রাণবান পৃথিবী। অনাবৃষ্টি, খরা, বায়ুদূষণ ও পানির সঙ্কট তাদের প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়াবে।

অতএব, এখনই সময় বন সংরক্ষণকে জাতীয় অগ্রাধিকারের স্তরে নিয়ে আসা। প্রয়োজন নীতি নির্ধারকদের সক্রিয় ভূমিকা, সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণ এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার প্রয়োগ। না হলে এ ধ্বংসযজ্ঞ থামানো কঠিন হয়ে যাবে।

বন আমাদের শ্বাস নেয়ার অবলম্বন, জলাধারের উৎস, জীবনের ধারক। তাই বন রক্ষা মানে নিজেকে রক্ষা করা। প্রকৃতি বারবার আমাদের সতর্ক করছে প্রশ্ন হলো, আমরা কি শুনছি?

দায়ীদের বিচার হয় না, সবচেয়ে আশঙ্কাজনক দিক হলো এসব ঘটনার পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। অগ্নিকাণ্ডের পর গঠন করা হয় এক-আধটা তদন্ত কমিটি, কয়েক দিন গণমাধ্যমে আলোচনা হয়, এরপর বিষয়টি চাপা পড়ে যায়। এমনকি অনেক সময় দেখা যায়, তদন্ত প্রতিবেদনে ‘অজ্ঞাতনামা’ বা ‘প্রাকৃতিক কারণ’ হিসেবে উল্লেখ করা হয়। এখানে প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক সংশ্লিষ্টতা, দুর্নীতি ও জনসচেতনতার অভাব একে অপরকে সহায়তা করছে। বন রক্ষা করতে যেসব সংস্থা গঠন করা হয়েছে, তারা অনেকে বন ধ্বংসকারী চক্রের ছত্রছায়ায় কাজ করছে। এ ধরনের ‘নীরব সহযোগিতা’ না থাকলে বন ধ্বংসের এ ভয়াবহতা সম্ভব হতো না।

প্রতিরোধ ও সমাধান: এ সঙ্কট থেকে উত্তরণে কিছু কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। এসব পদক্ষেপ যদি সমন্বিতভাবে গ্রহণ করা হয়, তবে বনাঞ্চল এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষা সম্ভব হবে। এ প্রবন্ধে কিছু সুস্পষ্ট এবং কার্যকরী পরিকল্পনার পরামর্শ দেয়া হলো যা দ্রুততম সময়ে বাস্তবায়ন করা প্রয়োজন।

স্বচ্ছ তদন্ত ও কঠোর আইন প্রয়োগ: অগ্নিকাণ্ড এবং বনাঞ্চলের অন্যান্য ক্ষতির পেছনে যে প্রকৃত কারণগুলো রয়েছে, সেগুলো খুঁজে বের করতে হবে। শুধু আইনগত পদক্ষেপ নিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, যদি না আমরা প্রতিটি ঘটনার পেছনে সঠিকভাবে তদন্ত করি এবং দোষীদের চিহ্নিত করি। তাই, সরকার এবং পরিবেশ অধিদফতরের উচিত দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা। যদি কোনো ব্যক্তি বা গ্রুপ অগ্নিকাণ্ডের মতো ক্ষতিকর ঘটনা ঘটায়, তবে তাদের শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক, যাতে অন্যরা সতর্ক হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

এ ব্যবস্থা গ্রহণে সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তারা এই সমস্যা সম্পর্কে আরো সচেতন হবেন এবং অন্যরা এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। একইভাবে, আইনি দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান করতে, যদি দরকার হয়, বন আইন এবং অপরাধমূলক দণ্ডবিধি সংশোধন করা যেতে পারে।

নজরদারি ও নিরাপত্তা বাড়ানো: বনাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে উপগ্রহ চিত্র, ড্রোন ক্যামেরা এবং স্মার্ট নজরদারি সিস্টেম ব্যবহারে বনাঞ্চলের বিভিন্ন অংশে ২৪ ঘণ্টার নজরদারি ব্যবস্থা চালু করা যেতে পারে। এটি অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় আগে থেকে শনাক্ত করতে সহায়তা করবে।

সচেতনতামূলক সংগঠন: বনাঞ্চলের আশপাশে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, প্রত্যেকটি বনাঞ্চলের আশপাশে স্বেচ্ছাসেবক ও প্রশিক্ষিত ফায়ার সংগঠন বা সমিতি গঠন করা উচিত, যারা কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিতে পারবে। এসব টিমকে ফায়ার ফাইটিং, প্রাথমিক চিকিৎসা ও জরুরি উদ্ধারকাজের প্রশিক্ষণ দিতে হবে।

এ ছাড়া, এ টিমগুলোর জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং পেশাদারি কোর্স আয়োজন করা যেতে পারে, যাতে তারা অগ্নিকাণ্ড বা অন্যান্য বিপর্যয়ের সময়ে দক্ষতার সাথে কাজ করতে পারে। স্থানীয় জনগণকে সচেতন করে, তাদের এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলে, দ্রুত প্রতিক্রিয়া এবং উদ্ধারকাজ ত্বরান্বিত হবে, যা বনাঞ্চল রক্ষা ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সহায়ক হবে।

ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় বনায়ন: বর্তমানে বনাঞ্চল ধ্বংস হচ্ছে এবং দেশীয় গাছপালা হারিয়ে যাচ্ছে, যার ফলে পরিবেশের ভারসাম্য বিপর্যস্ত হয়ে পড়ছে। তাই, যেসব বনাঞ্চল ধ্বংস হয়েছে, সেগুলোতে পুনরায় বনায়ন করা অত্যন্ত জরুরি। দেশের স্থানীয় ও পরিবেশবান্ধব গাছপালা রোপণ করতে হবে। এ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশের জন্য নয়, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর একটি বড় সুযোগ হবে। শিশুরা যদি প্রাথমিক পর্যায় থেকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে জানে, তবে তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় আরো উদ্যোগী হবে। এ জন্য ‘সবুজ পাঠশালা’ নামে একটি প্রকল্প চালু করা যেতে পারে, যা ছোটদের পরিবেশ শিক্ষা দেবে এবং তাদের বৃক্ষরোপণে অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে।

দুর্নীতিবিরোধী পদক্ষেপ: বন বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতির কারণে প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে রক্ষা করা সম্ভব হয় না। এ দুর্নীতির কারণে অনেক ক্ষেত্রে বনাঞ্চল অবৈধভাবে দখল হয়ে যায় অথবা বনসম্পদের অপচয় ঘটে। তাই, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের পদ থেকে অপসারণ করতে হবে। এ পদক্ষেপগুলো কার্যকর হলে, বনসম্পদ সঠিকভাবে ব্যবহৃত হবে। এটি দেশের পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে।

জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি: পরিবেশ সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম, সামাজিকমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের একত্র করে একটি বৃহৎ সচেতনতা আন্দোলন শুরু করা উচিত। আন্দোলনটি কেবল শহরাঞ্চলে নয়, গ্রামের প্রতিটি বাড়ি, স্কুল, কলেজ এবং জনগণের মধ্যে পরিবেশ-সংক্রান্ত সচেতনতা পৌঁছে দেবে।

বিশেষ করে গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে পরিবেশের গুরুত্ব এবং বন রক্ষা নিয়ে আলোচনা করলে, আরো বেশি মানুষ সচেতন হবে। তারা নিজে থেকে পরিবেশ রক্ষায় উদ্যোগী হবে। এসব উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত আইনের প্রয়োগ ও সঠিক বাস্তবায়ন সম্ভব হবে।

অবৈধ দখলদারদের উচ্ছেদ: বনাঞ্চলে অবৈধ দখলদারি এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ বেআইনিভাবে বনভূমি দখল করে সেখানে বসতি স্থাপন করেছে, যা পরিবেশের জন্য বিপজ্জনক। এসব দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদের উচ্ছেদ করতে হবে। এর মাধ্যমে বনভূমি ফিরে পাবে। পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে।

এছাড়া, দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদের পুনরায় বনাঞ্চলে প্রবেশে বাধা দিতে হবে। বনাঞ্চল দখল করে মানুষ স্থানীয়দের কাছে জমি বিক্রি করে। এতে গ্রামীণসমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি।

দর্শনার্থী ও জনসাধারণের অনুপ্রবেশ ঠেকানো: বনাঞ্চলের সংরক্ষিত এলাকা খুব গুরুত্বপূর্ণ এবং এসব এলাকায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত হওয়া উচিত। সংরক্ষিত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের আরো সতর্ক থাকতে হবে। এসব এলাকায় দর্শনার্থী প্রবেশে কঠোর নিয়ম তৈরি করতে হবে। এ ছাড়া, দর্শনার্থীদের অনুপ্রবেশ রোধে আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, যাতে কেউ বিধি ভেঙে সেখানে প্রবেশ করতে না পারে।

গ্রীষ্মকালে গজারি গাছের শুকনো পাতা অপসারণ: গজারি গাছের শুকনো পাতা অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। শুকনো পাতা জমে থাকলে সহজে আগুন ধরিয়ে দিতে পারে। তাই, স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। তাদের এগুলো সরিয়ে নিতে উৎসাহিত করতে হবে। শুকনো পাতা ব্যবস্থাপনা যদি সঠিকভাবে করা যায়, তবে আগুন নিয়ন্ত্রণে আনা অনেকাংশে সহজ হবে।

শুকনো পাতা সরানোর জন্য স্থানীয়দের মাধ্যমে পদক্ষেপ: গাছের পাতা এবং অন্যান্য অবশিষ্টাংশ পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, স্থানীয়দের মাধ্যমে শুকনো পাতা সরিয়ে নেয়া যেতে পারে। এর জন্য স্থানীয় মঞ্চগুলোতে সচেতনতা সৃষ্টি করা এবং প্রশিক্ষণ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্গম এলাকায় নজরদারি: যেসব এলাকা দুর্গম এবং দুর্ঘটনাপ্রবণ, সেগুলোতে নজরদারি ব্যবস্থা চালু করতে হবে। ফায়ার সার্ভিসের ফোন নম্বর এবং জরুরি যোগাযোগের তথ্য স্থানীয়দের মধ্যে প্রচার করতে হবে, যাতে কোনো বিপদে পড়লে দ্রুত সহায়তা পেতে পারে।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বনাঞ্চলের অগ্নিকাণ্ড এবং পরিবেশগত বিপর্যয় মোকাবেলা করা সম্ভব হবে। জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা করতে সক্ষম হব।

আগুন শুধু দৃশ্যমান বৃক্ষ বা প্রাণী গ্রাস করে না, এটি মাটির গভীরতল পর্যন্ত পৌঁছে যায়। ফলে মাটির নিচে বসবাসকারী অণুজীব, ছত্রাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ জীবকোষ ধ্বংস হয়ে যায়। এর প্রভাবে মাটির উর্বরতা ব্যাপক হারে হ্রাস পায়। একসময় সেই মাটি হয়ে পড়ে মৃতপ্রায় যেখানে নতুন করে গাছ জন্মানোও কঠিন হয়ে পড়ে। বনাঞ্চলে অগ্নিকাণ্ডের একটি দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে জলচক্রের উপর। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যায়। প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে বনভূমি। ফলে আশপাশের নদী-নালা, খাল-বিল, জলাশয় ধীরে ধীরে শুকিয়ে যায়। এমনকি বর্ষাকালেও পানিসঙ্কট প্রকট হয়ে ওঠে।