ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ একটি সদা কর্মময় ব্যস্ত পয়েন্ট। মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে; কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও শেষ হয়নি পিলার স্থাপনের কাজ। প্রতিনিয়ত যানবাহনের ভিড়ে চরম যানজটের সৃষ্টি হচ্ছে, বাড়ছে জনদুর্ভোগ। একটি সহযোগী দৈনিকের খবরে এ তথ্য উঠে এসেছে।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ী পর্যন্ত বেশ কয়েকটি স্থানে মাটি খুঁড়ে রাখার কারণে সড়কে যান চলাচলের জায়গা সঙ্কুচিত হয়ে গেছে। কাজের গতি মন্থর হওয়ায় মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা ও রংপুরের মধ্যে যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেয়া হয়; কিন্তু দীর্ঘ দিন ধরে কাজ ফেলে রাখায় এটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে।
গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের প্রায় ৩২ কিলোমিটার অংশ গাইবান্ধা জেলার সীমানার মধ্যে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি প্রকল্পের কাজ হাতে নেয়। প্রকল্পটির নাম ‘সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক করপোরেশন (সাসেক)। সংযোগ সড়ক প্রকল্প-২-এর আওতায় যমুনা সেতুর এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার অংশের সড়ক চার লেনে উন্নীত করার জন্য ১৯ হাজার কোটি টাকা ব্যয় নির্ধারণ হয়। যানজট কমানো, ভ্রমণের সময় হ্রাস এবং বাণিজ্যে প্রসার ঘটানোর লক্ষ্যেই প্রকল্পটি হাতে নেয়া হয়। দায়িত্ব পায় চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি)। প্রতিষ্ঠানটি গাইবান্ধা জেলার ৩০ কিলোমিটার অংশের কাজের দায়িত্ব পায়। প্রকল্পের এ অংশের কাজের জন্য ২০১৮ সালে দরপত্র আহ্বান করা হয় এবং ২০১৯ সালের জুন মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। কাজটি শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ২০২২ সালের জুন মাসের মধ্যে।
অধিকাংশ সময় সড়কের কাজে নিয়োজিত সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন না। কাজ শেষ করার সময়সীমা বাড়ে, বাড়ে প্রকল্পের ব্যয়ও। গোবিন্দগঞ্জে মহাসড়কের কাজের ক্ষেত্রেও একই দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। আমরা শুধু দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কটির কাজ সম্পন্ন হয়নি। যে কারণে মানুষ দুর্ভোগে পড়ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আর বিলম্ব নয়, দ্রুত গোবিন্দগঞ্জে মহাসড়কের কাজ সম্পন্ন করুন। মানুষকে দুর্ভোগ থেকে রেহাই দিন।