ইউক্রেন ও যুক্তরাষ্ট্র খনিজসম্পদ চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তির মাধ্যমে ইউক্রেনের বিরল খনিজসম্পদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) হোয়াইট হাউসে বক্তৃতা দেয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

এ সময় ট্রাম্প নিশ্চিত করে বলেন, তিনি ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি চুক্তিতে পৌঁছেছেন।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি যে তিনি শুক্রবার আসছেন। অবশ্যই, তিনি যদি চান তবে আমার কোনো আপত্তি নেই। তিনি আমার সাথে এটি স্বাক্ষর করতে চান এবং আমি জানি এটি একটি বড় চুক্তি, খুব বড় চুক্তি।’

ট্রাম্প বলেন, এ চুক্তির মূল্য ১ ট্রিলিয়ন ডলার হতে পারে এবং এটি নিশ্চিত করবে যে মার্কিন করদাতারা তাদের অর্থ ফেরত পাবেন।

তিনি বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছি। এ যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না।’

কিয়েভ এর বিনিময়ে কী পাবে জানতে চাইলে ট্রাম্প ৩৫০ বিলিয়ন ডলারের সাহায্যের পাশাপাশি সামরিক সরঞ্জাম ও যুদ্ধ চালিয়ে যাওয়ার অধিকারের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইতোমধ্যেই তা দেয়া হয়েছে।

চুক্তির সম্পূর্ণ বিবরণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া না গেলেও একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেন ভবিষ্যতে খনিজসম্পদ থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ একটি যৌথ মালিকানাধীন তহবিলে দেবে, যা ইউক্রেনের প্রকল্পগুলোতে বিনিয়োগ করবে।

সূত্র : আল জাজিরা