মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচনা করে বলেছেন, তাদের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য। তিনি খুব শিগগিরই ২৭ সদস্যের এই অর্থনৈতিক ও রাজনৈতিক জোটের রফতানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্যই ইইউ গঠিত হয়েছিল। এটাই এর উদ্দেশ্য এবং তারা এটি ভালোভাবে করেছে। কিন্তু এখন আমি প্রেসিডেন্ট।’
ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের বলেন, ‘তারা আসলেই আমাদের থেকে বিভিন্নভাবে সুবিধা নিয়েছে। তারা আমাদের গাড়ি গ্রহণ করে না। তারা আমাদের কৃষিপণ্যও গ্রহণ করে না। এর পেছনে তারা নানাবিধ কারণ দেখায় এবং আমরা তাদের সবকিছুই মেনে নেই। ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের প্রায় ৩০০ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে।’
ট্রাম্প জানান, নতুন আমদানি শুল্ক ‘গাড়ি ও অন্যান্য সকল জিনিসের’ ওপর আরোপ করা হবে।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সফরের আগে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠক করার পর এ মন্তব্য করলেন।
যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইইউ। ২০২২ সালে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রে মার্কিন রফতানির পরিমাণ ছিল মোট ৩৫০ দশমিক আট বিলিয়ন ডলার, যেখানে আমদানি ছিল ৫৫৩ দশমিক তিন বিলিয়ন ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে আনুমানিক ২০০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ১৩ ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে আমদানি শুল্কের সাথে সামঞ্জস্য রেখে বিদেশী দেশগুলোর ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করা হবে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি