যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের ফেডারেল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে গণ-বরখাস্তের আদেশ বৃহস্পতিবার প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক।
মার্কিন ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম আলসুপের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, বিশ্বের ইতিহাসে আইন অনুসারে, অন্য কোনো সংস্থার কর্মী নিয়োগ বা বরখাস্ত করার কর্তৃত্ব অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের নেই। কংগ্রেস এ সংস্থাগুলোকে নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা দিয়েছে।
তিনি সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উদাহরণস্বরূপ বলেন, প্রতিরক্ষা বিভাগে কর্মী নিয়োগ ও বরখাস্ত করার আইনগত ক্ষমতা রয়েছে।
এর আগে, ইউনিয়ন ও অ্যাডভোকেসি গ্রুপগুলো ফেডারেল সংস্থাগুলোর সমস্ত প্রবেশনারি কর্মীদের বরখাস্ত করার অবৈধ আদেশের বিরুদ্ধে মামলা করে।
চাকরির প্রথম বা দ্বিতীয় বছরে কর্মরত একজন ফেডারেল কর্মীকে প্রবেশনারি হিসেবে বিবেচনা করা হয়। তাদের পরে নিম্ন পদ থেকে পদোন্নতি দেয়া হয়ে থাকে।
ট্রাম্পের এ আদেশের ফলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আইনজীবীরা বলেন, ইউনাইটেড স্টেটস অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) সাংবিধানিক, সংবিধিবদ্ধ বা নিয়ন্ত্রক ক্ষমতা নেই। তারা অন্যান্য ফেডারেল সংস্থাগুলোর কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিতে পারে না।
সূত্র : বাসস