মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। নতুন এ ব্যবস্থার নাম দেয়া হয়েছে ‘গোল্ড কার্ড’, যা ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে।
ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান ইবি-৫ ভিসা কর্মসূচির পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করবেন। এর আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ী অধিবাসী হওয়ার জন্য বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। ফলে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
ইবি-৫ ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়া বিদেশীদের ‘গ্রিন কার্ড’ দেয়া হয়।
ট্রাম্প বলেন, ‘আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আমরা সেই কার্ডের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার নির্ধারণ করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে। এটি মার্কিন নাগরিকত্বের পথ তৈরি করবে এবং ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।’
প্রকল্পটির বিস্তারিত তথ্য দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলেও জানান তিনি।
রাশিয়ান ধনকুবেররা গোল্ড কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন কিনা- এক সাংবাদিকের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান ধনকুবেরকে চিনি যারা খুব ভালো মানুষ।’
এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ইবি-৫ কর্মসূচিটি অর্থহীন, মিথ্যা ও জালিয়াতিতে পূর্ণ এবং এটি ছিল কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায়। তাই প্রেসিডেন্ট বলেছেন এ ধরণের হাস্যকর কর্মসূচি না রেখে আমরা বরং ইবি-৫ কর্মসূচিটিকে বন্ধ করে দেই। এর পরিবর্তে আমরা গোল্ড কার্ড আনতে যাচ্ছি।’
সূত্র : রয়টার্স