বিশ্বজুড়ে আলোচিত ওডেব্রেখ্ট দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার দায়ে পেরুর একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে মঙ্গলবার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৬২ বছর বয়সী হুমালা ও তার স্ত্রীকে দুইটি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ব্রাজিলের নিমার্ণসংস্থা ওডেব্রেখ্ট ও ভেনেজুয়েলার সরকারের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকেই হুমালাকে আটক করা হয়। বিচারক নাইকো করোনাদো অনুপস্থিত হেরেদিয়ার গ্রেফতারেরও নির্দেশ দেন। পরে হেরেদিয়া লিমায় অবস্থিত ব্রাজিল দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট পদে থাকা সাবেক সেনা কর্মকর্তা হুমালা ২০২২ সালে ওডেব্রেখ্ট দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রথম সাবেক পেরুভিয়ান প্রেসিডেন্ট হিসেবে বিচারের মুখোমুখি হন। এ কেলেঙ্কারিতে আরো তিনজন সাবেক প্রেসিডেন্টের নাম জড়িয়েছে।
প্রসিকিউটররা হুমালার বিরুদ্ধে ২০১১ সালের নির্বাচনে ওডেব্রেখটের দেয়া ৩০ লাখ ডলার গ্রহণের অভিযোগে ২০ বছরের এবং হেরেদিয়ার বিরুদ্ধে ২৬ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন।
ওডেব্রেখটকে ইতিহাসের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ঘুষ কেলেঙ্কারির জন্য দায়ী করা হয়।
ঘুষের বিনিময়ে প্রভাব বিস্তার
হুমালা ও হেরেদিয়ার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, ২০০৬ সালের ব্যর্থ নির্বাচনী প্রচারণায় প্রয়াত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের পাঠানো প্রায় দুই লাখ ডলার অবৈধভাবে ব্যবহার করেছেন তারা। এছাড়া হেরেদিয়ার বিরুদ্ধে ওই অর্থের একটি অংশ দিয়ে সম্পত্তি ক্রয়ের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়।
তবে তারা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। হুমালার আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।
এদিকে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার নিশ্চিত করেছে, হেরেদিয়া পেরুর রাজধানী লিমায় অবস্থিত দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এবং এই পরিস্থিতি নিয়ে দুই দেশ নিয়মিত যোগাযোগ করছে।
২০১৬ সালে ওডেব্রেখট স্বীকার করে, ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত তারা পেরুর কর্মকর্তাদের অন্তত ২৯ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে এবং ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে ৩.৫ বিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়।
বামপন্থী হুমালা ২০১১ সালে ডানপন্থী কেকো ফুজিমোরিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কেকো নিজেও ওডেব্রেখট সম্পর্কিত একটি মামলায় ১৬ মাস প্রাক-বিচার হেফাজতে ছিলেন।
সূত্র : এএফপি/বাসস