যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ ও নির্মূল করতে হবে। তার এ মন্তব্যের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সাথে আরেক দফা আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
উইটকফের মঙ্গলবার (১৫ এপ্রিল) বক্তব্য তার আগের দিনের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। সোমবার তিনি বলেছিলেন, সীমিত পরিসরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নেবে।
উইটকফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘যেকোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে। অর্থাৎ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্বের স্বার্থেই আমাদের একটি কঠোর, ন্যায্য ও স্থায়ী চুক্তি তৈরি করা জরুরি। আর প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সেই কাজটিই করতে বলেছেন।’
উইটকফ মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই অঞ্চলের বাইরেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যার মধ্যে রাশিয়ার পাশাপাশি ইরানের সাথে আলোচনার নেতৃত্ব দেয়াও অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গতকাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাতিল করুক।
যুক্তরাষ্ট্রের বিশেষ এই দূত শনিবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সরাসরি আলোচনা করেন এবং ইরানি কর্মকর্তাদের সাথে এক দফা আলোচনা করেন। পরবর্তী দফার আলোচনার দিন নির্ধারিত হয়েছে ১৯ এপ্রিল।
সূত্র : আল জাজিরা