টানা আড়াই মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভুটান থেকে পাথর আমদানি। এতে স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিক, আমদানি-রফতানিকারকসহ ব্যবসায়ীদের মাঝে।

আড়াই মাস বন্ধ থাকার পর পরীক্ষামূলক আমদানির প্রথম দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) ভুটান থেকে চারটি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানান, ভারত ও ভুটানের মধ্যে চলা অভ্যন্তরীণ জটিলতায় (স্লট বুকিং দ্বন্দ্বে) ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ ছিল। এছাড়াও গত বছর বিভিন্ন সমস্যায় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দু’ মাস ভারতের পাথর আমদানি বন্ধ ছিল।

চলতি বছরের জানুয়ারিতে ভারতের পাথর আমদানি শুরু হলেও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ট্রাক মালিক ও শ্রমিকরা ভুটানের পাথর বোঝাই ট্রাকগুলো স্লট বুকিং (সুবিধা অ্যাপস বা অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) এর আওতায় আনার দাবিতে আন্দোলন করলে ভুটান পাথর রফতানি বন্ধ করে দেয়। এতে করে স্থবিরতা নেমে আসে পুরো বন্দর এলাকা জুড়ে। আড়াই মাস পর ভুটান ভারতের সুবিধা অ্যাপসের আওতায় এসে ভুটান থেকে চারটি পাথর বোঝাই গাড়ি বাংলাদেশে পাঠিয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় ভুটান থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকল সমস্যা কাটিয়ে পরীক্ষামূলকভাবে পাথর আসা শুরু করেছে। প্রথম দিনে ভুটানের চারটি পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করি কোনো সমস্যা না হলে ঈদের ছুটির পর যথারীতি প্রতিদিন ভুটান থেকে পাথর আমদানি হবে।’

সূত্র : বাসস