প্রত্যেক দলই ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেখানে যা ঐক্যমত্য হবে সেটা এক মাসে শেষ করে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ–সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে কারণ এখানে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত্য হবে তা সংস্কার হবে। এটা খুব সহজ ব্যাপার। আমরা প্রত্যেকেই প্রস্তাবগুলো জমা দিয়েছি। সেখানে যা ঐক্যমত্য হবে সেটা আমরা ১৫ থেকে ২০ দিনে করে ফেলতে পারি। তারপরে যে সনদের কথা বলা হয়েছে, তাতে যদি ঐক্যমত্য হয় সেটা সই করা সময়ের ব্যাপার না। তখন নির্বাচনের রোডম্যাপ না দেয়ার কোনো কারণ থাকতে পারে না।
বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সেখানে অর্থনীতি ও ট্যারিফের বিষয়টা আসছে। আমরা বলেছি, সবাই মিলে ট্যারিফ কিভাবে প্রত্যাহার করা যায়। ট্যারিফ একটা সহনীয় সীমার মধ্যে না আনলে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে দেশে ও দেশের বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে, যারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিএনপির অর্থনীতি পলিসি কী হবে সেটা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, বিগত দিনে যত সংস্কার হয়েছে বিএনপির সময়ে হয়েছে। অর্থনীতির সংস্কার বিএনপির সময়ে হয়েছে, রাজনৈতিক সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আমাদের সংস্কারের কারণে আসছে। আগামী দিনে আমরা আরো বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যাব।