বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতার হওয়া আওয়ামী লীগের তিন নেতা হলেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান ডিবির বরাত দিয়ে বলেন, ‘মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৮টায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেফতার হওয়া সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।’

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল রাত আনুমানিক সোয়া ৯টার দিকে উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দু’টি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। গ্রেফতার হওয়া রাসেলের দলীয় পদবি না থাকলেও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।

গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।