চীন সরকারের দেয়া উপহার এক হাজার শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবি জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০২৩ সালে চীন সরকার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল। পঞ্চগড়ে এক হাজার শয্যার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ভারত সরকারের আপত্তিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় সেই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। শেখ হাসিনার পতনের পর বর্তমানে চীন সরকার বাংলাদেশে এক হাজার শয্যার একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উপহার দিতে চায়। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে অবহেলিত পঞ্চগড় জেলা এই মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সঠিক দাবিদার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, ‘নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আছে। পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক। পঞ্চগড় থেকে রোগী নিয়ে রংপুর/দিনাজপুর যাওয়ার পথে, অ্যাম্বুলেন্স অথবা গাড়িতে আমরা আর বিনা চিকিৎসার মৃত্যু দেখতে চাই না। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জমি খোঁজা হচ্ছে। অথচ পঞ্চগড়ের নামটা জমি খোঁজার লিস্ট এ আসছে না। মাত্র ১২ একর জমি খোঁজা হচ্ছে অথচ পঞ্চগড়ে শত শত একর নির্ভেজাল জমি আছে। ১৯৭১-এর স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত পঞ্চগড়ের মানুষের দিকে তাকিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। চীন সরকারের উপহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করুন।’