দেশের অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত ছয় মাসে ব্যাংকটির আমানত বেড়ে ৭৮ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্জনে ব্যাংকের দক্ষ নেতৃত্ব, কর্মীদের নিষ্ঠা এবং গ্রাহকদের আস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে রূপালী ব্যাংকের আমানত ৬৮ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৭৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে, নতুন হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় তিন লাখ। বর্তমানে ব্যাংকটির ৩৩ লাখ গ্রাহক রয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলামের যোগদানের পর ‘রূপালী আস্থা’, ‘রূপালী শ্রদ্ধা’ এবং ‘রূপালী ডাবল বেনিফিট’ নামে তিনটি আকর্ষণীয় আমানত স্কিম চালু করা হয়েছে। যা এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।
এই অর্জনে ব্যাংকের চেয়ারম্যান মো: নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলামের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। তাদের দক্ষ নেতৃত্ব এবং শক্তিশালী সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কার্যকর কৌশল বাস্তবায়নের ফলে ব্যাংকটির আর্থিক সূচকগুলোতে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। খেলাপি ঋণ আদায়, নতুন হিসাব খোলা, এসএমই ঋণ বিতরণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্যও ব্যাংকটি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও রূপালী ব্যাংকের এই অগ্রগতি ব্যাংকের সামর্থ্য ও ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত বহন করে বলে মনে করা হচ্ছে।