রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার তিনি ফিরেছেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সফরকালে রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।
গত ৭ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বি-পক্ষীয় সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি, রাশিয়াতে দক্ষ জনশক্তি রফতানি, উচ্চ শিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি আলোচনা করেন। গত ৮ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান রাশিয়ান সেনাবাহিনী প্রধান জেনারেল অলিগ সেলিউকভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদিসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান রাশিয়ান রাষ্ট্রীয় জ্বালানি সংস্থার মহাপরিচালকের সাথে রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ভৌত সুরক্ষা ব্যবস্থার কাজ যথাসময়ে সম্পন্ন করতে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থাকরণের ব্যাপারে আলোচনা করেন। এখানে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সাথে ফলপ্রসু আলোচনা করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এরপর গত ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরকালে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
গত ৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান সরকারি সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়া যান।