ট্রেনের টিকেট কালোবাজারি প্রতিরোধে অনলাইন টিকিটিং সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কম-কে আরো আন্তরিক ও সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ঈদুল ফিতর উপলক্ষ্যে রেল অপারেশন ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন ঈদুল-আজহা উপলক্ষ্যে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে এর আয়োজন করা হয়।

সহজ ডট কম-প্রতিনিধির উদ্দেশে উপদেষ্টা বলেন, টিকেট কালোবাজারি প্রতিরোধে সহজ ডট কম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে তাদের সাথে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা টিকিট কালোবাজারি করে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে রেলওয়ের একটি নিজস্ব ইন্টিলিজেন্স টিম থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশ রেলওয়ের প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করতে হবে। রেলের লোকোমোটিভ ও কোচের সঙ্কট রয়েছে। পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন সংগ্রহের জন্য আমরা চেষ্টা করছি। ইতোপূর্বে দুই শ’ কোচ সংগ্রহের যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে, তা দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে অ্যাসেম্বলিং (সংযোজন) ও মেরামত কারখানায় রূপান্তর করতে হবে। এজন্য দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে হবে। এসব প্রকল্প গ্রহণে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। ক্রয়ধর্মী প্রকল্পের মেয়াদ এক থেকে দুই বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রকল্পে অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় পরিহার করতে হবে। ভবিষ্যতে কোনো প্রকল্পের ব্যয় ও সময় বৃদ্ধি করা হবে না মর্মে এ সময় তিনি সবাইকে সতর্ক করে দেন।

সম্প্রতি ইদুল ফিতর উপলক্ষ্যে রেলের যাত্রীসেবায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এবারের ঈদ যাত্রায় মানুষ স্বস্তির সাথে নির্বিঘ্নে ভ্রমণ করতে পেরেছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এক্ষেত্রে আরো উন্নতি করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবারের ঈদযাত্রায় সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বাড়াতে এবং অপ্রয়োজনীয় ও বাড়তি খরচ অর্থাৎ অপচয় কমাতে সংশ্লিষ্ট সবাইকে তিনি আরো আন্তরিক ও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস