রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও বিধি মোতাবেক ভবন নির্মাণের লক্ষ্যে রাজউক-এর আওতাধীন এলাকায় জমি ও প্লট মালিকদের প্রতি সভায় এ আহ্বান জানানো হয়।
রাজউক-এর আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনের নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ রোধে নোটিশ প্রদান, নির্মাণ কাজ বন্ধ, মোবাইল কোর্ট পরিচালনা করা ও জরিমানা করা হবে বলে জানানো হয়। সতর্ক করার পরেও নির্মাণ কাজ অব্যাহত রাখলে, প্রয়োজনে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হবে।
রাজউক-এর অনুরোধপত্রের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা।
এ সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ডেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর প্রতিনিধিরা।